কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের স্থান থেকে নির্গত গ্যাসে আগুন জ্বলছেই। গত মঙ্গলবার ভোরে আগুনের সূত্রপাত হলেও চার দিন পেরিয়ে আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত তা নেভানো সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার।
এদিকে আগুন দেখতে প্রতিদিনই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ১৪৪ ধারা জারির মাধ্যমে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল ও জমায়েত নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, ভূগর্ভস্থ গ্যাসের আধার থেকে উচ্চচাপে গ্যাস বের হয়ে আসছে। তবে গ্যাসের প্রকৃতি ও উৎস নিশ্চিত হতে নমুনা বিশ্লেষণ প্রয়োজন। বর্তমান পরিস্থিতিতে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সাত দিন সময় নেওয়ার কথা জানিয়েছে বাপেক্সের বিশেষজ্ঞ দল।
স্থানীয় সূত্রে জানা যায়, জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ প্রায় ১৫ দিন আগে ওই স্থানে নলকূপ খননের কাজ শুরু করেন। গত মঙ্গলবার ভোরে খননস্থল থেকে হঠাৎ গ্যাস নির্গত হতে শুরু করে। পরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এরপর থেকে গ্যাস নির্গমন অব্যাহত রয়েছে এবং টানা চার দিন ধরে আগুন জ্বলছে।



