কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে জীবনানন্দ দাশের কাল্পনিক চরিত্র বনলতা সেনকে ঘিরে নির্মিত সিনেমা ‘বনলতা সেন’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টারে শেয়ার করে এই মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তিনি লিখেছেন, “না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবুও তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? ‘বনলতা সেন’ আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।”
এর আগে ২০২৪ সালে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিলেও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে যান নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। সবশেষ গত বছরের রোজার ঈদে মুক্তি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনেমাটি। বারবার পেছানোর কারণ জানতে চাইলে পরিচালক বলেন, ‘কিছু কারণে আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। তবে আমাদের সব প্রস্তুত হচ্ছে, প্রচারণাও শুরু করেছি।’
জানা গেছে, দীর্ঘদিন ধরে সিনেমার সহ-প্রযোজক তরুণ মজুমদারের সঙ্গে পরিচালক উজ্জ্বলের আদালত পর্যন্ত গড়ানো দ্বন্দ্ব চলছে, যা এখনো নিষ্পত্তি হয়নি। তরুণ মজুমদার অভিযোগ করেন, ‘সিনেমার কাজ শুরুর সময় সব ঠিক ছিল। পরে অগ্রগতি জানতে চাইলে নির্মাতা টালবাহানা শুরু করেন। টাকা ফেরত নিয়ে সরে যেতে চাইলে তিনি তা ফেরত দেননি। বাধ্য হয়ে আইনি পথে যেতে হয়েছে।’ তিনি দাবি করেন, সব ডকুমেন্ট ও তদন্ত রিপোর্ট তার কাছে আছে এবং নির্মাতার সুদে টাকা ফেরত চাওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
অন্যদিকে নির্মাতা উজ্জ্বল জানান, আদালতের নির্দেশনা মেনেই ‘বনলতা সেন’ মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকার সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন নাবিলা। নির্মাতা জানান, কয়েকজনের অডিশনের পর মনে হয়েছে নাবিলাকে দিয়েই চরিত্রটি করিয়ে নেওয়া সম্ভব। এতে জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এছাড়া অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশি প্রমুখ।



