সংগীতপ্রেমীদের মাতাতে ইউরোপের পথে দেশের জনপ্রিয় রকস্টার নগর বাউল জেমস। আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনের সুপরিচিত ভেন্যু ‘লিশবোয়া আউ ভিভো’-তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। বিকাল ৫টা থেকে শুরু এই জমকালো আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন জেমস।
প্রবাসে দেশের সংস্কৃতি ও সংগীতের স্বাদ পেতে আগ্রহী বাংলাদেশীদের মধ্যে এ কনসার্ট ঘিরে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান কাসা দু বাংলাদেশ ও নোতিসিয়াস বাংলা জানিয়েছে, এটি পর্তুগালে এ পর্যন্ত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজন। জেমসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীর আগমনে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা করছেন আয়োজকরা।
এ উপলক্ষে ২৬ এপ্রিল লিসবনের লিটন’স টার্কিশ গ্রিলে এক সংবাদ সম্মেলন ও ডিনার নাইট অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্টজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



