আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন— এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই প্রসঙ্গেই নতুন একটি পোস্ট করেছেন তিনি, যা আবারও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (২০ জুলাই) ভোররাত সোয়া ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, “বিয়েটা আর করতে হলো না এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।” সংক্ষিপ্ত এই পোস্টে যেমন আর্জেন্টিনার প্রতি তার সমর্থনের প্রকাশ ঘটেছে, তেমনি আগের বিয়ের ঘোষণারও একটি রসিক সমাপ্তি টেনেছেন তিনি।
এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।” সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে মজার ছলে নিলেও, কেউ কেউ তা গুরুত্বের সঙ্গেও দেখেছেন।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমনি জানান, মজার ছলে দেওয়া সেই পোস্ট তাকে কিছুটা অস্বস্তিতেও ফেলেছে। তিনি বলেন, আগে কখনো ঘোষণা দিয়ে বিয়ে করেননি; বরং প্রেমের পর হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এবার একটি সাধারণ পোস্টের পর এত বিপুল পরিমাণ বিয়ের প্রস্তাব আসবে, তা তিনি কল্পনাও করেননি।
বিয়ে প্রসঙ্গে পরীমনি আরও বলেন, একজন অভিভাবক ছাড়া তো বিয়ে সম্ভব নয়। বর্তমানে তার জীবনে সেই দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। তাই মজা করেই তিনি বলেছেন, ছেলে বড় হয়ে যদি একদিন অভিভাবকের ভূমিকা নিয়ে তাকে বিয়ে দেয়, তখনই হয়তো আবার বিয়ের কথা ভাববেন।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। আর্জেন্টিনার হার যেমন তাদের সমর্থকদের হতাশ করেছে, তেমনি পরীমনির ‘বিয়ে পরিকল্পনা’ও আপাতত স্থগিত হয়ে গেল বলেই মনে করছেন ভক্তরা।



