কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক প্রকল্প ‘CoastCrop AI’ তৈরির মাধ্যমে মর্যাদাপূর্ণ ‘ইউথ পটেনশিয়াল অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (ইডেন ক্যাম্পাস) শিক্ষার্থী সাদিয়া বিনতে মামুন। প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের মাধ্যমে বাস্তব জীবনের কৃষি এবং জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় তার এই যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
চীনের নিংবো ইউনিভার্সিটিতে এক জমকালো আয়োজনের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। এর আগে প্রকল্পটির চূড়ান্ত উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছিল ইউনিভার্সিটি অব নটিংহ্যাম নিংবো চায়নাতে। বৈশ্বিক পরিমণ্ডলে তার এই অর্জন তরুণ বাংলাদেশি উদ্ভাবকদের অসামান্য সম্ভাবনা ও সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সাদিয়া বিনতে মামুনের এই গৌরবোজ্জ্বল সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জনই নয়, বরং দেশের জন্য একটি বড় অর্জন। এই ধরনের প্রযুক্তি-চালিত ও পরিবেশবান্ধব উদ্যোগ ভবিষ্যতের টেকসই পৃথিবী গঠনে এবং বৈশ্বিক সমস্যা সমাধানে তরুণ প্রজন্মকে আরও বেশি অনুপ্রাণিত করবে।



