জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ (২৫ জুলাই) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘বাঁশরী নজরুল নাট্যোৎসব ২০২৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও স্টুডিও থিয়েটার হলে আয়োজিত এই উৎসব চলবে আগামী ২৮ জুলাই পর্যন্ত। ‘জয় হোক জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবে কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে নির্মিত মোট ১০টি নাটক মঞ্চস্থ হবে।
আজ বিকেল ৫টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাঁশরীর প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেবেন উৎসব সমন্বয়ক ও নাট্যনির্দেশক গোলাম সারোয়ার এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন টিটো মুন্সী ও আইরিন পারভীন লোপা। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে সাজ্জাদ সাজু নির্দেশিত বাঁশরী রেপার্টরি থিয়েটারের প্রযোজনা ‘বনের মেয়ে পাখি’।
উৎসব সম্পর্কে বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান বলেন, কবি নজরুল ইসলামের সমৃদ্ধ নাট্যভুবনকে দর্শক-শ্রোতাদের সামনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতেই দ্বিতীয়বারের মতো এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, উৎসব সমন্বয়ক গোলাম সারোয়ার জানান, নজরুলের নাট্যসৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং লুপ্তপ্রায় লেটো শিল্পধারার ঐতিহ্যকে নাগরিক সমাজে পুনরায় পরিচিত করে তোলাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।



