দীর্ঘ ১৫ বছর সফলভাবে অ্যাপল পরিচালনার পর সিইও পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন টিম কুক। তার নেতৃত্বেই অ্যাপল প্রথম কোনো কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য স্পর্শ করার মাইলফলক অর্জন করে। তবে তিনি পুরোপুরি কোম্পানি ছাড়ছেন না; বরং বোর্ড অব ডিরেক্টরের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
টিম কুকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে সিইওর দায়িত্ব গ্রহণ করবেন। টার্নাস ২০০১ সাল থেকে অ্যাপলের সাথে যুক্ত আছেন এবং আইফোন ও আইপ্যাডের মতো গুরুত্বপূর্ণ পণ্যের উদ্ভাবনে বিশেষ ভূমিকা রেখেছেন।
আগামী কয়েক মাস টিম কুক সিইও হিসেবেই কাজ চালিয়ে যাবেন যাতে জন টার্নাসকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়াটি সহজ ও মসৃণ হয়। স্টিভ জবস পরবর্তী যুগে অ্যাপলকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্র্যান্ড হিসেবে ধরে রাখার জন্য টিম কুকের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে।



