নরওয়ের বিপক্ষে নানা নাটকীয়তার মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলের তারকা নেইমার জুনিয়র কান্নায় ভেঙে পড়েন এবং জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তে তার বাবা নেইমার সিনিয়র এক আবেগঘন দীর্ঘ বার্তায় ছেলেকে ফুটবল চালিয়ে যেতে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
ইনস্টাগ্রামে দেওয়া ওই বার্তায় নেইমারের বাবা ছেলের ফুটবলজীবনের শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা স্মৃতি তুলে ধরেন। তিনি লেখেন, ছোটবেলা থেকেই নেইমারের মধ্যে শুধু প্রতিভা নয়, বরং একটি উদ্দেশ্য দেখেছেন। তিনি জানান, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের পরিবার বিশ্বাস ও খ্রিস্টান ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে এবং সেই বিশ্বাসের প্রতিদানও পেয়েছেন।
ছেলের ক্যারিয়ারের প্রতিটি ধাপ—প্রথম গোল, অভিষেক, শিরোপা, ব্রাজিল জাতীয় দল এবং বিশ্বস্বীকৃতি—সবকিছুর স্মৃতি তুলে ধরে তিনি লেখেন, তার কাছে সবচেয়ে বড় অর্জন একজন বাবা হিসেবে প্রতিটি মুহূর্তে সন্তানের পাশে থাকতে পারা। তিনি নেইমারকে অনুরোধ করেন, ফুটবল খেলা চালিয়ে যেতে এবং মাঠে হাসিমুখে ফিরে আসতে।
নেইমারের বাবা আরও বলেন, সমালোচনা, প্রত্যাশা বা জীবনের চাপ নিজের কাঁধে বহন না করতে; কিছু সিদ্ধান্ত শুধু ঈশ্বরের। একটি স্বপ্ন পূরণ না হলে তা শেষ নয়—ভবিষ্যৎকে ভয় না পেয়ে বর্তমানে বাঁচতে, অনুশীলন করতে, খেলতে এবং পরিবারকে ভালোবাসতে বলেন তিনি। তার বিশ্বাস, নেইমারের জীবনে আরও অনেক সুন্দর অধ্যায় লেখা বাকি এবং পৃথিবী ভালোবাসার আগেই ঈশ্বর তাকে ভালোবেসেছেন। শেষে তিনি জানান, একজন বাবা হিসেবে সবকিছু—প্রতিটি সফর, ত্যাগ, নির্ঘুম রাত, দুশ্চিন্তা ও প্রার্থনা—আবারও করতে প্রস্তুত তিনি।



