২০২৬ সালের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যেতে পারে—এমন ভবিষ্যৎচিত্র তুলে ধরেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে তিনি বলেন, এআইয়ের উন্নয়ন এত দ্রুতগতিতে এগোচ্ছে যে ২০২৬ সালের শেষ নাগাদ এটি যেকোনো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হয়ে উঠবে। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে এআই মানবজাতির সম্মিলিত বুদ্ধিমত্তাকেও অতিক্রম করতে পারে বলে তার ধারণা।
মাস্কের ভাষায়, চলতি বছরের শেষ দিকেই এমন এআই দেখা যেতে পারে যা একক মানুষের বুদ্ধিমত্তাকে স্পষ্টভাবে ছাড়িয়ে যাবে। এর পাশাপাশি এআই ও রোবটিকস খাতে ব্যাপক অর্থনৈতিক বিস্তার ঘটতে যাচ্ছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, আগামী বছরের শেষ নাগাদ সাধারণ মানুষের জন্য হিউম্যানয়েড রোবট বাজারে আনার কথাও জানান তিনি।
রোবটের ব্যবহার প্রসঙ্গে মাস্ক বলেন, বয়স্ক বাবা–মায়ের দেখাশোনা কিংবা শিশু ও পোষা প্রাণীর যত্নের জন্য ভবিষ্যতে প্রায় প্রতিটি পরিবারই একটি করে রোবট চাইবে। তার মতে, রোবট যদি সম্পূর্ণ নিরাপদ হয়, তাহলে মানুষের দৈনন্দিন জীবনে এর প্রয়োজনীয়তা প্রশ্নাতীত। তিনি আরও বলেন, এক সময় এমন পরিস্থিতি আসতে পারে, যখন পৃথিবীতে মানুষের চেয়ে রোবটের সংখ্যাই বেশি হবে।
উল্লেখ্য, দাভোসে মাস্কের এই উপস্থিতি বিশেষ নজর কেড়েছে, কারণ তিনি দীর্ঘদিন ধরেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে ‘এলিটদের ক্লাব’ এবং সাধারণ মানুষের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন একটি মঞ্চ হিসেবে সমালোচনা করে আসছিলেন।
সূত্র: এনডিটিভি



