ঈদুল ফিতরে দর্শকদের জন্য আসছে ইয়াশ রোহান ও পারসা ইভানার নতুন সিনেমা ‘একসাথে আলাদা’। হইচইয়ের এক ঘণ্টার নতুন ফিল্ম ফরম্যাটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে ইয়াশ–পারসা জুটিকে। সিনেমায় ইয়াশ অভিনয় করেছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানা অভিনয় করেছেন ‘আমিরা’ চরিত্রে।
নতুন এই কাজ প্রসঙ্গে নির্মাতা রেজাউর রহমান বলেন, এটি এমন এক সময়ের গল্প যেখানে ভালোবাসা থাকলেও ব্যক্তিগত স্পেস, ক্যারিয়ার ও নগর জীবনের চাপের কারণে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। তিনি জানান, ইয়াশ ও পারসা দুজনেই নিজ নিজ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন এবং দর্শকদের জন্য সিনেমাটি হবে এক ঘণ্টার একটি রিফ্রেশিং অভিজ্ঞতা।
অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘একসাথে আলাদা’র স্ক্রিপ্ট পড়েই তার মনে হয়েছে এটি আমাদের চারপাশের পরিচিত মানুষদের গল্প। পোস্টার প্রকাশের পর দর্শকদের যে আগ্রহ দেখা যাচ্ছে, সিনেমা মুক্তির পর সেই ভালোবাসা আরও বাড়বে বলে তিনি আশাবাদী। অন্যদিকে অভিনেত্রী পারসা ইভানা জানান, এই চরিত্রটি তার আগের কাজগুলোর থেকে ভিন্ন। রোমান্টিক কমেডি হলেও গল্পের ভেতরে রয়েছে সূক্ষ্ম মানবিক অনুভূতি, যা পর্দায় ফুটিয়ে তুলতে তারা দুজনই চেষ্টা করেছেন।
‘একসাথে আলাদা’ সিনেমায় ইয়াশ ও পারসার পাশাপাশি আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ একাধিক পরিচিত মুখ। প্রেম ও সম্পর্কের আধুনিক নগর জীবনের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি চলতি বছরের ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।



