বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গত বছর প্রকাশিত টিজার ঝলক দেখেই ভক্তদের আগ্রহ তুঙ্গে ওঠে, আর সেই আগ্রহই এবার প্রতিফলিত হলো জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভাণ্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-এর তালিকায়। চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘কিং’।
ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, আইএমডিবি জানিয়েছে—বিশ্বব্যাপী দর্শকদের প্রকৃত আগ্রহ ও অনুসন্ধান কার্যক্রম বিশ্লেষণ করেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে আইএমডিবি প্ল্যাটফর্মে আসা প্রায় ২৫ কোটির বেশি ব্যবহারকারীর পেজভিউয়ের তথ্যের ভিত্তিতে এই র্যাংকিং নির্ধারণ করা হয়। ফলে তালিকাটি শুধু ভারতীয় দর্শকদের নয়, আন্তর্জাতিক পর্যায়েও ভারতীয় সিনেমার প্রতি বাড়তে থাকা আগ্রহের স্পষ্ট প্রমাণ বহন করে।
আইএমডিবি প্রকাশিত ২০২৬ সালের বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় মোট ২০টি চলচ্চিত্র জায়গা পেয়েছে, যা নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন ভাষায়। এর মধ্যে হিন্দি ভাষার সিনেমার সংখ্যা সবচেয়ে বেশি—১০টি। এ ছাড়া তেলেগু ভাষার পাঁচটি, তামিল ভাষার তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে সিনেমা রয়েছে তালিকায়।
এই তালিকার শীর্ষ পাঁচে ‘কিং’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এইচ ভিনোথ পরিচালিত থালাপতি বিজয় অভিনীত ‘জন নায়ক’। চতুর্থ স্থানে রয়েছে প্রভাস অভিনীত ও সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’। আর পঞ্চম স্থানে রয়েছে গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন যশ।
‘কিং’ সিনেমাটিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, ছবিতে মূল ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে, আর বিশেষ একটি ভূমিকায় থাকবেন আরশাদ ওয়ারসি। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।



