প্রযুক্তিবিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিনোদনের এক চমৎকার মেলবন্ধন ঘটলো ওপেনএআই-এর নতুন পদক্ষেপের মাধ্যমে। চ্যাটজিপিটির নতুন অ্যাপ ডিরেক্টরিতে এখন যুক্ত হয়েছে জনপ্রিয় স্ট্রিমিং সেবা অ্যাপল মিউজিক। এই নতুন ইন্টিগ্রেশনের ফলে ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির মাধ্যমেই সরাসরি তাদের মিউজিক লাইব্রেরি নিয়ন্ত্রণ করতে পারবেন। কোনো নির্দিষ্ট ঘরানার গান খোঁজা, মুড অনুযায়ী মিউজিক সাজেশন পাওয়া কিংবা জটিল সব প্লেলিস্ট তৈরি করা এখন হয়ে উঠবে আরও সহজ ও সাবলীল।
ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটিকে সাধারণ ভাষায় কমান্ড দিয়ে প্লেলিস্ট তৈরির অনুরোধ করতে পারবেন। যেমন— ‘পুরানো ক্ল্যাসিক বাদ দিয়ে আমার জন্য সেরা ৩০টি রক গান দিয়ে একটি প্লেলিস্ট বানাও’। এমনকি গানের নাম মনে না থাকলেও সামান্য বর্ণনা দিয়ে প্রিয় গান খুঁজে বের করা যাবে। চ্যাটজিপিটি ব্যবহারকারীর পছন্দের ধরন মনে রেখে স্বয়ংক্রিয়ভাবে প্লেলিস্টটি অ্যাপল মিউজিক অ্যাকাউন্টে যুক্ত করে দেবে। এছাড়া ছোট মিউজিক স্যাম্পল চ্যাটজিপিটিতেই শোনা যাবে, তবে সম্পূর্ণ গান শোনার জন্য অ্যাপল মিউজিক অ্যাপটি প্রয়োজন হবে।
এই সুবিধাটি পেতে ব্যবহারকারীকে চ্যাটজিপিটির অ্যাপ ডিরেক্টরি থেকে অ্যাপল মিউজিক কানেক্ট করে লগ-ইন করতে হবে। এরপর চ্যাট বক্সে শুধুমাত্র @AppleMusic লিখে সরাসরি এই মিউজিক অ্যাসিস্ট্যান্টের সেবা নেওয়া যাবে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে গান শোনার অভিজ্ঞতা আরও ব্যক্তিগত এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে।



