নতুন বছরের আগেই ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও আধুনিক ও সহজ করতে একের পর এক নতুন ফিচার আনছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক ঘোষণায় মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি জানায়, কলিং, কনটেন্ট তৈরি এবং চ্যাট ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এসব আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা আরও স্মার্ট ও ইন্টারঅ্যাকটিভ সুবিধা পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন আপডেটগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিসড কল মেসেজিং সুবিধা। এখন কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপে কল করলে এবং অপর প্রান্ত থেকে কলটি রিসিভ না হলে, কলের ধরন অনুযায়ী ভয়েস কল বা ভিডিও নোট রেকর্ড করে পাঠাতে পারবেন। এতে কল মিস হলেও প্রয়োজনীয় তথ্য সহজেই পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি, ভয়েস চ্যাটে একাধিক রিঅ্যাকশন দেওয়ার সুযোগও যুক্ত করা হচ্ছে।
Meta AI ব্যবহারের ক্ষেত্রেও বড় ধরনের আপগ্রেড আনছে হোয়াটসঅ্যাপ। ছবি তৈরির সময় ব্যবহারকারীরা এখন আরও উন্নত ও সহজ অভিজ্ঞতা পাবেন। একই সঙ্গে ইমেজ অ্যানিমেশন ফিচার যুক্ত হওয়ায় যেকোনো ছবি সহজেই শর্ট ভিডিওতে রূপান্তর করা যাবে। নির্দিষ্ট প্রম্পট ব্যবহার করেই এই অ্যানিমেশন তৈরি করা সম্ভব হবে।
স্টিকার ব্যবহারের ক্ষেত্রেও বাড়ছে নতুন সুবিধা। আগের তুলনায় আরও বেশি কাস্টমাইজেশন অপশন যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী স্টিকার তৈরি ও ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারেও আসছে নানা পরিবর্তন। চ্যানেল অ্যাডমিনরা যেন তাদের অডিয়েন্সের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগ করতে পারেন, সে লক্ষ্যেই এসব আপডেট আনা হচ্ছে। ফলে কনটেন্ট শেয়ার ও ফলোয়ারদের সঙ্গে সংযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: এই সময় অনলাইন



