ইউটিউব খুললে অনেক সময় হোম পেজে এমন সব ভিডিও দেখা যায়, যেগুলোর সঙ্গে ব্যবহারকারীর আগ্রহের কোনো মিলই থাকে না। অ্যালগরিদমের এই ভুল সুপারিশ বহুদিন ধরেই বড় অভিযোগ ছিল। এবার সেই সমস্যা দূর করতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে ইউটিউব নিয়ে আসছে নতুন ফিচার—‘Your Custom Feed’।
এই ফিচার চালু হলে ব্যবহারকারীরাই নির্ধারণ করতে পারবেন হোম পেজে কোন ধরনের ভিডিও বেশি দেখানো হবে। অর্থাৎ শুধু অ্যালগরিদম নয়, আগামী দিনে সুপারিশ নির্ধারণে ব্যবহারকারীর সরাসরি নিয়ন্ত্রণ থাকবে।
অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, ইউটিউব মাঝে মাঝে ভিডিও দেখার ধরন ভুলভাবে ব্যাখ্যা করে। উদাহরণ হিসেবে বলা যায়—হঠাৎই শিশুদের জন্য দুই-একটি ভিডিও চালালেই ইউটিউব ধরে নেয় এটি ব্যবহারকারীর নিয়মিত আগ্রহ। ফলে হোম পেজে অপ্রয়োজনীয় বহু ভিডিও ভেসে ওঠে। কিন্তু বাস্তবে এসব ভিডিও দেখা হয় কৌতূহলবশত, শিশুদের জন্য বা স্বল্প সময়ের জন্য—স্থায়ী আগ্রহ হিসেবে নয়।
নতুন ‘Your Custom Feed’ ফিচার এ সমস্যারই সমাধান দেবে। ইউটিউব জানিয়েছে, হোম বাটনের পাশেই এই নতুন অপশন যুক্ত হবে। সেখানে ব্যবহারকারী যে বিষয়ের ভিডিও দেখতে চান, সেই বিষয় সম্পর্কিত শব্দ লিখলেই হোম পেজে ওই ধরনের ভিডিওর সংখ্যা বাড়বে। যেমন—আপনি যদি cook বা cooking লেখেন, তাহলে রান্না–বিষয়ক ভিডিও আরও বেশি দেখাবে। অর্থাৎ এবার হোম পেজ হবে পুরোপুরি আপনার পছন্দ অনুযায়ী সাজানো।
বর্তমানে এই ফিচারটি সীমিত ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। খুব শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হতে পারে বলে জানিয়েছে ইউটিউব।
ব্যবহারকারীর নিরাপত্তা এবং অভিজ্ঞতা আরও উন্নত করতে ইউটিউব নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে। সম্প্রতি কিশোর-কিশোরীদের দীর্ঘসময় ভিডিও দেখা কমাতে শর্টস ফিডে দৈনিক সীমা যুক্ত করা হয়েছে। আরও বিভিন্ন নিরাপত্তা ফিচার সংযোজনের কাজও চলছে।
‘কাস্টম ফিড’ চালু হলে ইউটিউব ব্যবহার আরও ব্যক্তিগত, নিয়ন্ত্রিত ও কার্যকর হবে—যেখানে অ্যালগরিদম নয়, পছন্দ নির্ধারণ করবেন আপনিই।



