হংকংয়ের বেশ কয়েকটি সুউচ্চ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৭৫ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একজন অগ্নিনির্বাপক কর্মীও।
বিবিসি জানায়, গত ৬০ বছরের মধ্যে এটি হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। এখনো ২৭০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, নিখোঁজদের অনেকেই হয়তো প্রাণ হারিয়েছেন। এদিকে বিপদের মুখে হাজার হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
এখনো বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলছে। ঘন ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশসীমা ছেয়ে ফেলেছে, যা চীনা মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছে গেছে। আগুন লাগে হংকংয়ের তাই পো এলাকার ওয়াং ফুক আবাসিক কমপ্লেক্সে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে বহুতল ভবনে আগুন লাগার খবর পেয়ে তারা উদ্ধারকাজ শুরু করে।
অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। দমকল কর্মকর্তারা জানিয়েছেন, আগুন দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা দলগুলো দিনরাত কাজ করছে।



