মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে ব্যস্ত থাকলেও থ্যাংকসগিভিংয়ের ঐতিহ্য অনুযায়ী এবারও দুই টার্কি মুরগিকে ক্ষমা করতে ভুললেন না। গবল এবং ওয়াডল নামের টার্কি দুটিকে তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেন ওয়াশিংটনের রোজ গার্ডেনে আয়োজিত আনন্দঘন অনুষ্ঠানে। নর্থ ক্যারোলিনার একটি খামার থেকে আনা প্রায় ২৩ কেজি ওজনের এই সাদা পালকের মুরগি দুটিকে ক্ষমা অনুষ্ঠানের আগের রাতে হোয়াইট হাউসের পাশের বিলাসবহুল উইলার্ড ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বিশেষ কক্ষে রাখা হয়েছিল।
১৯৮৯ সালে প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ-এর হাত ধরে থ্যাংকসগিভিং উপলক্ষে টার্কি ক্ষমার এই ঐতিহ্য শুরু হয়। সেই ধারাবাহিকতায় অংশ নিয়ে ট্রাম্প মজার ছলে বলেন, প্রথমে তিনি টার্কি দুটির নাম ‘চাক’ ও ‘ন্যান্সি’ রাখতে চেয়েছিলেন, ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসির নাম অনুসারে। অনুষ্ঠানজুড়ে ছিল হাস্যরস, উচ্ছ্বাস এবং থ্যাংকসগিভিংয়ের ঐতিহ্যবাহী আমেজ।



