ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করলেও অভিনয়ের দক্ষতা দিয়ে অল্প সময়েই নাট্যাঙ্গনে নিজের অবস্থান দৃঢ় করেছেন। দীর্ঘ ১২ বছরের অভিনয়জীবনে তিনি যেমন সাফল্য পেয়েছেন, তেমনি নানা উত্থান-পতনের মুখোমুখিও হয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই দীর্ঘ পথচলার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।
জোভান বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার মতো এত বেশি উত্থান-পতন হয়তো আর কারও জীবনে ঘটেনি। ছোট ক্যারিয়ার হলেও আমি অনেক চড়াই-উতরাই দেখেছি।’ ক্যারিয়ারের এক যুগ পূর্তির অনুভূতি জানাতে গিয়ে তিনি আরও বলেন, ‘দীর্ঘ ১২ বছর ধরে নাটকে কাজ করছি। এত ওঠানামার পরও এখনো দর্শকের ভালোবাসা ধরে রাখতে পেরেছি—এটা আমার জন্য আল্লাহর বড় রহমত।’
উল্লেখ্য, ২০১১ সালে একটি পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন জোভান। দুই বছর পর আতিক জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ইউনিভার্সিটি’–তে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় তার আনুষ্ঠানিক অভিষেক ঘটে। এরপর থেকে একের পর এক কাজ করে তিনি দেশের নাট্যাঙ্গনে নিজের অবস্থান শক্ত করে তুলেছেন।



