ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয় বলে দপ্তর সূত্রে জানা গেছে। দেশের সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই জরুরি বৈঠক অত্যন্ত গুরুত্ব পেয়েছে।
গত ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্পে সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার কম্পন অনুভূত হওয়ার আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। এতে তিন জেলায় অন্তত ১০ জন নিহত হন এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার বহু ভবনে ফাটল দেখা দেয়, কোথাও কোথাও ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে।
রিখটার স্কেলে ৫.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী এলাকায়। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে, যা কম গভীরতার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়িয়ে দেয়। সাম্প্রতিক এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভূমিকম্প প্রস্তুতি জোরদার করতেই প্রধান উপদেষ্টার এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।



