ইতালির ভিসেন্সায় শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরার লক্ষ্যে। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ কমিউনিটি ভিচেন্সা সিটির উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রবাসী বাংলাদেশিদের বিপুল অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উৎসবে পরিবেশিত হয় নানা ধরনের বাঙালি ঐতিহ্যবাহী পিঠা—ভাপা পিঠা, পাটিসাপটা, মুগ পাক্কন, কাটা পিঠা, সেমাই পিঠা, মুক সল্লা পিঠা, কলই পিঠা, ঝিনুক পিঠা, বিবি খানা, ফুলি পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠাসহ অনেক পিঠা। নারীরা নিজ হাতে তৈরি এসব পিঠা উপস্থাপন করেন। শিশু-কিশোরদের জন্য ছিল খেলাধুলার আয়োজন, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান ফ্রান্সেস্কো জেরিলির নেতৃত্বে ভিসেনজা পুলিশ সদর দপ্তরের দুইজন পরিদর্শক, ভিছেন্সা পৌর কাউন্সিলর মাত্তিয়া পিলান, ইতালিয়ান পুলিশ কর্মকর্তা লুকা পালমা এবং ইমিগ্রেশন পরামর্শক আদ্রিয়ানা। আয়োজক কমিউনিটির নেতৃবৃন্দ বলেন, প্রবাসে থেকেও নিজেদের শিকড় ভুলে যাই না—এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতি চর্চা ও পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়া সম্ভব হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের জন্য ভোজের ব্যবস্থা করা হয়। প্রবাসের ব্যস্ত জীবনে পিঠা উৎসবকে কেন্দ্র করে একত্রিত হওয়ায় সবাই আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন।
এ অনুষ্ঠানে অংশ নেন ভিচেন্সা কমিউনিটির সভাপতি এমদাদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রনি শেখ, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর ও আইন সম্পাদক জাহাঙ্গীর হুসেন বাবলু, অর্থ সম্পাদক শিবলী সাদিক, ধর্ম সম্পাদক জামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হালিম, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কমিউনিটির সদস্যরা। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আফিল উদ্দিন, উপদেষ্টা খান মাহমুদ, জামাল উদ্দিনসহ আরও অনেকে।



