বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান নির্মাতা এবং ‘চাঁদের আলো’ খ্যাত পরিচালক শেখ নজরুল ইসলাম আর নেই। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। নির্মাতা গাজী মাহবুব ও ‘চাঁদের আলো’-এর অভিনেত্রী রুমানা ইসলাম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গাজী মাহবুব জানান, তাঁর ওস্তাদজি শেখ নজরুল ইসলাম গত ২২ নভেম্বর রাত ১১টা ৩০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। রবিবার (২৩ নভেম্বর) নিজ জেলা নাটোরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর দুপুরে তিনি মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকেরা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখলেও আর শারীরিক উন্নতি হয়নি। শেষ পর্যন্ত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই প্রখ্যাত নির্মাতা।
১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু হয় জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী পরিচালক হিসেবে। ১৯৭৪ সালে মুক্তি পাওয়া ‘চাবুক’ ছিল তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র। পরে দীর্ঘ ক্যারিয়ারে তিনি নির্মাণ করেছেন অসংখ্য জনপ্রিয় ও সাড়া জাগানো ছবি, যা তাঁকে বাংলা চলচ্চিত্রে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করেছে।



