বঙ্গোপসাগরে অবিশ্বাস্য এক দৃশ্য—একটানে ২০০ মণ ইলিশ উঠে এসেছে এফবি রাইসা নামের একটি মাছ ধরার ট্রলারে। ধরা পড়া এসব ইলিশের গড় ওজন ৩০০ থেকে ৪০০ গ্রাম। বুধবার (১৯ নভেম্বর) সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে সাইফ ফিশ নামের আড়তে প্রতি মণ ২৬ হাজার টাকা দরে মোট ৫২ লাখ টাকায় মাছগুলো বিক্রি করা হয়। জানা গেছে, ট্রলারটি গত ১৪ নভেম্বর পাথরঘাটা থেকে ১৭ জন জেলে নিয়ে সমুদ্রে যায় এবং ১৭ নভেম্বর বিকেলে কুয়াকাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার গভীর সমুদ্রে জাল ফেলতেই এক টানেই প্রায় ১৮ হাজার ইলিশ ধরা পড়ে।
ট্রলারের মাঝি মাসুদ জানান, কয়েক দিন ধরে খুব সামান্য মাছ মিলছিল—মাত্র ৪০০টি। হঠাৎ এমন বিপুল পরিমাণ ইলিশ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের দুশ্চিন্তা ও কষ্ট যেন নিমেষেই ঘুচে গেছে। ট্রলারের মালিক রুবেল বলেন, সাম্প্রতিক সময়ে মাছের সংকটে তারা লোকসানের মুখে পড়েছিলেন, তবে এই মাছ বিক্রি তাদের ক্ষতি কিছুটা পূরণ করতে সাহায্য করবে। আড়তদার মোস্তফা আলম জানান, তার আড়তেই মাছগুলো বিক্রি হয়েছে এবং এর আগে ১৫০ মণ ইলিশ বিক্রির অভিজ্ঞতাও রয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দীর্ঘদিন ইলিশের দেখা না মিললেও এভাবে ২০০ মণ ইলিশ ধরা পড়ায় জেলেদের মাঝে নতুন করে আনন্দ ও আশার সঞ্চার হয়েছে।



