নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে তুলনামুলকভাবে অনভিজ্ঞ জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে পরাজিত করে রূপালী আক্তারের দল। শুরু থেকেই শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা প্রতিপক্ষকে চাপে রাখেন এবং পরিকল্পিত রেইডে ধারাবাহিক পয়েন্ট সংগ্রহ করেন। ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই জার্মান দলকে প্রথমবার অলআউট করে ১০-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
প্রথমার্ধ জুড়ে ছিল বাংলাদেশের একচ্ছত্র আধিপত্য, যার ফলে বিরতিতে স্কোর দাঁড়ায় ২৮-৯। দ্বিতীয়ার্ধে কিছুটা ঢিলেমি দেখালেও বাংলাদেশ যথাসময়ে পরিস্থিতি সামলে নেয়। শারীরিকভাবে শক্তিশালী জার্মান মেয়েরা একপর্যায়ে লড়াইয়ের চেষ্টা করে, তবে টেকনিক, গতি ও দক্ষতায় এগিয়ে থাকা বাংলাদেশের সামনে তা যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধে আরও তিনবার অলআউট হয় জার্মানি। শেষপর্যন্ত ৫৭-২৭ ব্যবধানে জয়ের মাধ্যমে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা নিজেদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে।



