বছর শেষে শীতের আগমনী ছোঁয়া প্রকৃতিতে যেমন জড়তা আনে, তেমনি শহরে জমে ওঠে কনসার্ট–উৎসবের উষ্ণতা। সেই ধারাবাহিকতায় আয়োজন করা হচ্ছে ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’ শিরোনামের বিশেষ সঙ্গীতানুষ্ঠান। এতে অংশ নিতে পাকিস্তান থেকে ঢাকা আসছে জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’, তাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেবে বাংলাদেশের দুই শীর্ষ ব্যান্ড ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।
আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টায়, রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের কোর্টসাইডে কনসার্টটি অনুষ্ঠিত হবে। আয়োজন করেছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স।
২৭ বছর ধরে সেমি–ক্ল্যাসিকাল ঘরানার গান নিয়ে কাজ করছে কাভিশ। ১৯৯৮ সালে জাফর জাইদি ও মাজ মাওদুদ ব্যান্ডটি গঠন করেন। ‘বাচপান’, ‘মোরে সাইয়া’, ‘তেরে পেয়ার মে’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’—এগুলি কাভিশের জনপ্রিয় গান। অন্যদিকে ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’ দুই ব্যান্ডই দুই দশকের বেশি সময় ধরে নিজেদের স্বতন্ত্র ধাঁচ ও সৃষ্টিশীলতার জন্য সারা দেশে ব্যাপক জনপ্রিয়।
কনসার্টের টিকিট ইতোমধ্যেই টিকটিকি.কমে পাওয়া যাচ্ছে। সাধারণ টিকিটের মূল্য ২৪৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৪৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগেও চলতি বছরের জানুয়ারিতে ‘ঢাকা ড্রিমস’ কনসার্টে অংশ নিতে ঢাকা এসেছিল কাভিশ।



