ঢালিউড সুপারস্টার শাকিব খান তার নতুন সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নায়িকা হিসেবে নেওয়ার বিষয়ে নিজেই ইঙ্গিত দিয়েছেন। দীর্ঘদিন ধরেই এই জুটিকে নিয়ে গুঞ্জন চলছে। এবার সেই জল্পনা আরও দৃঢ় হলো শাকিবের সাম্প্রতিক বক্তব্যে। গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাই তার ইউটিউব চ্যানেলে একটি ভ্লগ প্রকাশ করেন, যেখানে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনে শাকিব উপস্থিত ছিলেন। সেখানেই আলাপচারিতায় রাফসান উল্লেখ করেন তার হানিয়া আমিরের সঙ্গে করা একটি ভ্লগের কথা। জবাবে শাকিব খান হেসে বলেন, ‘তোমার একটি ভ্লগ দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।’
পাশ থেকে তখন কেউ জানতে চান, হানিয়া আমির কি শাকিবের সঙ্গে কোনো সিনেমায় অভিনয় করছেন? উত্তরে শাকিব খান স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা হচ্ছে।’ তবে কোন সিনেমায় হানিয়া থাকতে পারেন, সে বিষয়ে তিনি এখনো বিস্তারিত জানাননি। বর্তমানে শাকিব ‘সোলজার’ ছবির কাজে ব্যস্ত, যেখানে তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী। এছাড়া ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ছবিতেও তাকে দেখা যাবে, যার নায়িকা হিসেবে তাসনিয়া ফারিণের নাম শোনা যাচ্ছে।
হানিয়া আমিরকে শাকিব খানের বিপরীতে দেখার গুঞ্জন নতুন নয়। গত সেপ্টেম্বরে ঢাকায় একটি অনুষ্ঠানে এসে হানিয়া প্রকাশ্যে বলেন, ‘তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’ সেই মন্তব্যকে ঘিরে তখনই আলোচনায় ওঠে সম্ভাব্য নতুন একটি যৌথ প্রজেক্টের বিষয়টি। এবার শাকিবের নিজের মন্তব্যে সেই ধারণা আরও দৃঢ় হলো।



