ভারত ও নেপালের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোর আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এসেছে পরিবর্তন। চোটের কারণে দলে অনিশ্চিত হয়ে পড়েছেন ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। দুজনেরই পুরোপুরি ফিট হয়ে ওঠার সম্ভাবনা কম। তাই তাদের বদলি হিসেবে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল এবং মুর্শেদ আলীকে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে।
গত জুনে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পান কিউবা মিচেল। তবে সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে ম্যাচের সময় তিনি দলে সুযোগ পাননি। ভারতের বিপক্ষে প্রাথমিক দল ঘোষণার সময়ও কোচ হ্যাভিয়ের কাবরেরা তাঁকে অন্তর্ভুক্ত না করায় সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু ইব্রাহিমের চোট এখন খুলে দিয়েছে কিউবার ভাগ্যের দরজা। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই মিডফিল্ডারের সামনে এখন সুযোগ এসেছে জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেওয়ার।
কিউবার পাশাপাশি মুর্শেদ আলীও ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। তিনি সম্প্রতি ছিলেন অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে, এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই পর্বের প্রস্তুতির জন্য।
এদিকে, জাতীয় স্টেডিয়ামে বর্তমানে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ (রোববার, ৯ নভেম্বর) বিকেলে কিংস অ্যারেনায় অনুশীলন করবে। ৫ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দলের অনুশীলন ছিল মিডিয়ার জন্য বন্ধ। তবে আজ হেড কোচ হ্যাভিয়ের কাবরেরা ১৫ মিনিটের জন্য মিডিয়া সেশন রাখার ঘোষণা দিয়েছেন।



