এএফসি এশিয়ান কাপ বাছাই সামনে রেখে বাংলাদেশ-ভারত দুই দলই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। কয়েকদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করা বাংলাদেশ দল বুধবার (৫ নভেম্বর) প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরার ঘোষণায় অফিসিয়ালি স্কোয়াড প্রকাশ করে। একই দিনে ভারতও দল ঘোষণা করেছে প্রধান কোচ খালিদ জামিলের মাধ্যমে। তবে বড় চমক—ভারতীয় দলে জায়গা হয়নি কিংবদন্তি ফরোয়ার্ড সুনীল ছেত্রীর।
২৫ মার্চ শিলংয়ে বাংলাদেশের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন ছেত্রী। আইএসএল-এ দুর্দান্ত পারফরম্যান্সের পরও (৩৪ ম্যাচে ১৭ গোল ও ৪ অ্যাসিস্ট) এ অভিজ্ঞ স্ট্রাইকারকে বাদ দেওয়ায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন কোচ খালিদ জামিলের কৌশলে ছেত্রীর জায়গা না পাওয়া তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষের ইঙ্গিতই দিচ্ছে বলে মনে করছেন অনেকে। ভারত ভবিষ্যতের দিকে তাকিয়ে তরুণ প্রতিভাদের সুযোগ দিতে চাইছে। তাই দলে ডাক পেয়েছেন উদীয়মান ফরোয়ার্ড মোহাম্মদ সানানসহ আরও কয়েকজন নতুন মুখ।
১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে দুই প্রতিবেশী। যদিও ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ভারতের মূল পর্বে যাওয়ার আশা শেষ, তবুও মর্যাদার লড়াইয়ে ম্যাচটি গুরুত্ব পাচ্ছে। গ্রুপে টিকিটের দৌড়ে টিকে আছে হংকং ও সিঙ্গাপুর।
বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর
মিডফিল্ডার: সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরি, শামিত সোম, মোরসালিন
ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম



