বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্য চলতি বছরটি বিশেষ। সন্তানদের সাফল্য যেমন তাকে গর্বিত করেছে, তেমনি এবার পর্দায় মেয়ের সঙ্গে নতুন চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি। রবিবার (২ নভেম্বর) প্রকাশিত হয়েছে তার নতুন ছবি ‘কিং’–এর টিজার, যেখানে ধরা পড়েছে অ্যাকশন–রোমাঞ্চের ছাপ ও ভিন্নধর্মী লুক।
ছবিটি ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন ছিল—কেমন চরিত্রে দেখা যাবে শাহরুখকে? এবার জন্মদিন উপলক্ষে আয়োজিত ফ্যান মিট-অ্যান্ড-গ্রিট অনুষ্ঠানে নিজেই সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। অভিনেতার ভাষ্যে, “কিং-এর গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। সিদ্ধার্থ, সুজয়রা চরিত্রটি অত্যন্ত যত্ন নিয়ে গড়েছেন। কিং আসলেই খারাপ লোক—একজন খুনি। বহু মানুষ হত্যা করেছে। তাই কতটা ভিলেন, সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই। খুব ডার্ক, নির্মম ও খতরনাক চরিত্র এটি।”
শোনা যাচ্ছে, ছবিতে দুই ভিন্ন সময়ের প্রেক্ষাপটে একই চরিত্রে দেখা যাবে শাহরুখকে। তরুণ বয়সে রাঘব জুয়েলের বিরুদ্ধ চরিত্রে লড়াই করবেন তিনি, আর বৃদ্ধ বয়সে অভিষেক বচ্চনের সঙ্গে মুখোমুখি সংঘাতে দেখা যাবে বাদশাকে। দুই সময়েই থাকছে তুড়ি মেরে ওঠার মতো অ্যাকশন সিকোয়েন্স।
উল্লেখ্য, ‘রোম্যান্স কিং’ হিসেবে খ্যাত হলেও ক্যারিয়ারের শুরু থেকে একাধিকবার নেগেটিভ চরিত্রে দর্শকদের মন জয় করেছেন শাহরুখ খান। এবার ‘কিং’ ছবির মাধ্যমে আবারও সেই অন্ধকার, ধূসর চরিত্রে ফিরছেন তিনি।



