অবিশ্বাস্য উড়ন্ত গাড়ি আনতে যাচ্ছে টেসলা—এমনই ইঙ্গিত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক। সম্প্রতি ‘দ্য জো রগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপের উন্মোচন হবে ইতিহাসের সবচেয়ে স্মরণীয় প্রযুক্তিগত ঘটনা। রোডস্টার নিয়ে অনেক জল্পনা আছে—এটি কি সত্যিই উড়বে? এমন প্রশ্নে মাস্ক সরাসরি উত্তর না দিয়ে বলেন, উন্মোচনের আগে কিছু বলা যাচ্ছে না, তবে এটি হতে যাচ্ছে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তি উদ্ভাবন।
মাস্ক আরও জানান, রোডস্টারের ডেমো প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং কয়েক মাসের মধ্যেই এটি প্রদর্শন করা সম্ভব হবে। তার দাবি, নতুন রোডস্টারে এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা জেমস বন্ডের সিনেমার গাড়িকেও ছাড়িয়ে যাবে। প্রযুক্তি দুনিয়ায় এই মডেলটি তাই বিশেষ আলোচনায় জায়গা করে নিয়েছে।
এদিকে বিশ্লেষকদের মত, যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত টেসলার বিক্রিতে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, ক্যালিফোর্নিয়ার আলেফ এবং জবি এভিয়েশন ইতোমধ্যে উড়ন্ত গাড়ি ও আকাশ ট্যাক্সির পরীক্ষামূলক প্রকল্প নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে।
এ ছাড়া আগামী ৬ নভেম্বর টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাস্কের নতুন ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন। প্রযুক্তি জগত ও বাজারে এই ভোটকে ঘিরে বাড়ছে উত্তেজনা।



