রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ ধরা পড়েছে। রোববার (২ নভেম্বর) ভোরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়ার কলাবাগান এলাকায় স্থানীয় জেলে সোনাই হালদারের জালে ধরা পড়ে মাছটি। পরে দৌলতদিয়া ফেরিঘাট মাছ বাজারে এটি নিলামে তোলা হলে ২ হাজার ৬০০ টাকা প্রতি কেজি দরে মোট ৬৭ হাজার ৬০০ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
পরে মাছটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর কুষ্টিয়ার এক অস্ট্রেলিয়া প্রবাসী ক্রেতা কবির তার পরিবারের জন্য ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৭০ হাজার টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে মাছটি কুষ্টিয়ায় ডেলিভারি দেওয়া হয়।
ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, “প্রতিদিনের মতো সকালে বাজারে মাছ কিনতে গেলে হালিম সরদারের আড়তে এই বড় পাঙাশ দেখি। নিলামে অংশ নিয়ে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নিই। পরে অনলাইন পোস্টের মাধ্যমে ক্রেতা নিশ্চিত হয়।”
জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, ইলিশ রক্ষা অভিযান চলাকালে ২২ দিন জেলেরা নদীতে নামতে না পারায় নদীর অন্যান্য মাছের বৃদ্ধি হয়েছে। ফলে বড় আকারের পাঙাশসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছে, এতে জেলেরা খুবই আনন্দিত।



