পশ্চিমা বিশ্বের জনপ্রিয় উৎসব হ্যালোইন উপলক্ষে ছেলেকে নিয়ে অভিনব ভূতের সাজে হাজির হয়েছেন ঢালিউডের প্রিয় মুখ শাবনূর। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি শেয়ার করে ভক্তদের চমকে দেন তিনি। ছবিগুলোতে দেখা যায়, একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে ভয়ংকর ভূতের সাজে সেজেছেন অভিনেত্রী। তাদের সঙ্গে আরও দেখা যায় অস্ট্রেলিয়ায় বসবাসরত অনেককে একই সাজে।
ছবির ক্যাপশনে শাবনূর লেখেন,
“আমি সাধারণ মা নই। আমি একজন দুর্দান্ত মা, যিনি একজন ডাইনিও!”
এরপর যোগ করেন,
“হ্যালোইনের শুভেচ্ছা বাচ্চারা! এটা শুধু মজা করার জন্য।”
পশ্চিমা বিশ্বে প্রতি বছর ৩১ অক্টোবর হ্যালোইন উদ্যাপন করা হয়। মৃতদের স্মরণে ও তাদের আত্মা পৃথিবীতে ফিরে আসে— এমন বিশ্বাস ঘিরেই এই আয়োজন। সেই ঐতিহ্যকে ধারণ করেই ছেলে ও বিদেশের বন্ধুদের সঙ্গে উৎসব উদ্যাপন করেন শাবনূর।
নব্বই দশকের অমর জনপ্রিয় নায়িকা শাবনূর এখনো ভক্তদের হৃদয়ে রাজত্ব করেন। দীর্ঘদিন ধরে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন, চলচ্চিত্র থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। উল্লেখ্য, সর্বশেষ তিনি ২০২৩ সালে নারীকেন্দ্রিক সিনেমা **‘রঙ্গনা’**য় অভিনয় করেছিলেন, যার কাজ এখনও চলমান।



