ঢালিউডের মেগাস্টার শাকিব খান হঠাৎই নতুন এক দুর্দান্ত লুকে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হৈচৈ ফেলে দিয়েছেন। তার নতুন রূপ দেখে অনেকেই প্রথমে চিনতেই পারেননি বলে মন্তব্য করেছেন ভক্তরা।
রোববার (২৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন লুকের একটি ছবি প্রকাশ করেন শাকিব খান, যা পরবর্তীতে ফেসবুক পেজেও শেয়ার করেন। ছবিতে তাকে দেখা যায় কালো ঢিলেঢালা পোশাকে, এলোমেলো চুলে, ক্লিনশেভ মুখে মোটা গোঁফ রেখে। রোদ ঝলমলে শহরের পরিবেশে চোখে কালো সানগ্লাস ও পায়ে সাদা স্লিপার স্যান্ডেল—সব মিলিয়ে লুকটি বেশ আকর্ষণীয় ও ভিন্নরূপ।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “আপনি নিজেকে যত বেশি জানবেন, অন্যকে ততই কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে।”
তার এই পোস্ট ঘিরে মন্তব্যের বন্যা বইতে শুরু করে। এক ভক্ত লিখেন, “মেগাস্টার শাকিব খান, আমি শাকিব ভক্ত হয়েও চিনতে কষ্ট হয়েছে।” আরেকজন মন্তব্য করেন, “আজ যদি সালমান শাহ ভাই বেঁচে থাকতেন, তিনি আপনার জন্য গর্ব করতেন।”
ধারণা করা হচ্ছে, এই নতুন লুক শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’-এর জন্য। সিনেমাটি পরিচালনা করছেন শাকিব ফাহাদ এবং প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এছাড়া আরও আছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী ও এবিএম সুমনের মতো তারকারা। চলচ্চিত্রটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



