ফরিদপুরে ১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ করে আলোচনায় স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিল
১০ টাকায় ইলিশ বিতরণের পর আবারও নজর কাড়লেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল। এবার তিনি মাত্র ১ টাকা কেজি দরে গরুর মাংস বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের হাতে গরুর মাংস তুলে দেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান জামিল নিজেই বাড়ি বাড়ি গিয়ে সাহায্যপ্রার্থীদের হাতে মাংস তুলে দেন। তার এই উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। অনেকেই বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর এই মানবিক পদক্ষেপ রাজনৈতিক নেতাদের জন্য উদাহরণ হয়ে থাকবে।
রায়হান জামিল বলেন, মানুষের আনন্দ ও কষ্টের পাশে থাকাই তার রাজনীতির মূল উদ্দেশ্য। সামর্থ্যের অভাবে যারা ঈদ বা বিশেষ উপলক্ষে গরুর মাংস খেতে পারেন না, তাদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর সদরপুর উপজেলায় ১০ টাকায় ইলিশ দেওয়ার ঘোষণা দিলে শত শত মানুষ সেখানে ভিড় করেন। কিন্তু মাছের সংকট তৈরি হওয়ায় হট্টগোল দেখা দেয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রায়হান জামিল স্থান ত্যাগ করতে বাধ্য হন।



