প্রবাসী শ্রমিকদের জন্য বড় সুখবর আসছে। সরকার রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট ফি কমানোর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “প্রবাসী শ্রমিকরা আমাদের রেমিট্যান্স যোদ্ধা। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনন্য। তাদের সেবার মান উন্নত করতে পাসপোর্ট ফি কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।” একই সঙ্গে তিনি জানান, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট বা ই-গেট দ্রুত চালুর বিষয়েও আলোচনা চলছে, যাতে প্রবাসীদের যাত্রা আরও সহজ ও সময়সাশ্রয়ী হয়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশনে সময় কমিয়ে এনে সেবা আরও সহজ ও দ্রুত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক থেকে বিশেষজ্ঞ দল আসবে। তারা তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও দায় নির্ধারণে সহায়তা করবেন।
এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে প্রবাসী শ্রমিকদের জন্য সরকারি সেবা আরও সহজলভ্য হবে, যা দেশের অর্থনীতির জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে।



