মালদ্বীপে অনুষ্ঠিত ‘১ম কমনওয়েলথ পুরুষ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ-২০২৫’ এ দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে জয় তুলে নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়েরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ ৭-৩ গোলে পরাজিত করে ভারতকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ দলের সদস্য ও বিজিবির সিপাহি খোকন মোল্লা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিজিবির সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল ৫৩-২৭ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। সেই ম্যাচেও সেরা খেলোয়াড়ের সম্মান পেয়েছিলেন খোকন মোল্লা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজিবি হ্যান্ডবল দলের সিপাহি মো. খোকন মোল্লা, সিপাহি মো. আ. রউফ, সিপাহি অনিক পারিয়াল এবং সিপাহি মো. নাহিদ আলী দলে অংশগ্রহণ করে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেছেন।
উল্লেখ্য, ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মালদ্বীপে চলমান এই প্রতিযোগিতায় মোট ছয়টি দেশ অংশ নিচ্ছে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকা।



