ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই রেকর্ডের পর রেকর্ড—গোল, শিরোপা কিংবা ব্যালন ডি’অর, সব জায়গাতেই তার নাম জ্বলজ্বল করছে। এবার পেলেন এক বিশেষ স্বীকৃতি, যা এলো তার নিজের দেশ থেকে। পর্তুগালের লিগা ফুটবল তাকে ঘোষণা করেছে ‘সর্বকালের সেরা’ বা Best of All Time।
বুধবার লিগা পর্তুগালের আয়োজনে রোনালদোকে দেওয়া হয় এই বিশেষ সম্মাননা। ৪০ বছর বয়সেও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে যাওয়া রোনালদোর ক্যারিয়ারে এটি যোগ করল আরেকটি উজ্জ্বল অধ্যায়। জাতীয় দলের হয়ে ২২৩ ম্যাচে ১৪১ গোলের মালিক রোনালদোকে নিয়ে লিগা পর্তুগাল লিখেছে— “তিনি কোটি ভক্তের অনুপ্রেরণা, এক যুগের সংজ্ঞা। ব্যক্তিগত রেকর্ড, দলীয় সাফল্য আর মাঠের বাইরের প্রভাব—সব মিলিয়ে রোনালদো এমন এক উত্তরাধিকার গড়েছেন যা তাকে সর্বকালের সেরা করেছে।”
পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “আমার জন্য এটি বিশাল সম্মান। দেশের হয়ে এ ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই বিশেষ অনুভূতি। সতীর্থ, কোচ এবং যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছেন—সবাইকে ধন্যবাদ জানাই।”
কয়েক দিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে রোনালদো ছুঁয়েছেন সর্বোচ্চ গোলদাতার রেকর্ড। ওই ম্যাচে তার গোল ছিল বিশ্বকাপ বাছাইয়ে ৩৯তম, যা তাকে কিংবদন্তি কার্লোস রুইজের সমান আসনে বসিয়েছে।
একই অনুষ্ঠানে সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর জিওকেরেস দ্বিতীয়বারের মতো লিগা পর্তুগালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। গত মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪ গোল করেন তিনি। গ্রীষ্মে আর্সেনালে যোগ দেওয়া এই স্ট্রাইকার ভিডিও বার্তায় জানান, “এটা আমার জন্য অবিশ্বাস্য সম্মান। স্পোর্টিংয়ের সতীর্থ, কোচ ও সমর্থকদের ধন্যবাদ জানাই। তাদের সমর্থন ছাড়া এ সাফল্য সম্ভব হতো না।”



