নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতায় আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কয়েকদিন ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় দেশে ফিরতে পারছিলেন না জামাল ভূঁইয়ারা। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর অবশেষে দেশে ফিরেছেন তারা। বৃহস্পতিবার বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বুধবার থেকে সচল হওয়ার পর বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছায় বাংলাদেশ দল। এরপর বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তারা। খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও এই ফ্লাইটে ফেরেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ফুটবলারদের দেশে আনার জন্য বাংলাদেশ বিমানবাহিনীর বিমানটি বৃহস্পতিবার সকাল ১১টা ৫৩ মিনিটে ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যায়।
উল্লেখ্য, এশিয়ান কাপের বাছাইপর্ব সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত সপ্তাহে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচের আগেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ৮ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু, যা গড়ায় সরকার পতনের আন্দোলনে। এই পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। ফলে ফেরার টিকিট থাকা সত্ত্বেও হোটেলবন্দি হয়ে পড়েছিলেন জামালরা।



