বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জিতেছে পর্তুগাল। এ ম্যাচেই ইতিহাস গড়লেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে গোল করে তিনি বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডে পৌঁছে গেলেন।
ম্যাচের শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল পর্তুগাল। তবে ধীরে ধীরে খেলায় ফিরে আসে তারা এবং জয় নিশ্চিত করে। রোনালদোর পেনাল্টি থেকে করা গোলের ফলে তার বাছাইপর্বে গোলসংখ্যা দাঁড়াল ৩৯— যা গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। একই সঙ্গে তিনি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির চেয়ে তিন গোল এগিয়ে গেলেন।
৪১ বছর বয়সেও রোনালদো পর্তুগালের আক্রমণভাগের প্রধান শক্তি হয়ে আছেন। সর্বশেষ দুটি ম্যাচে তিনি করেছেন তিন গোল। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১, ২২৩ ম্যাচে। আর ক্লাব ও দেশের হয়ে ক্যারিয়ারের মোট গোল দাঁড়িয়েছে ৯৪৩। তার চোখ এখন ফুটবলের ইতিহাসে এক অভূতপূর্ব মাইলফলকে— ১,০০০ গোলের স্বপ্নে। বর্তমান ধারাবাহিকতা বজায় রাখলে তা যে সম্ভব, সে বিষয়ে ভক্তরা আশাবাদী।
আগামী মাসে পর্তুগাল মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও আবারও হাঙ্গেরির। এই ম্যাচগুলোতে এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে চান রোনালদো।



