বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী চার বছর আগে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। কারণ, নাসুমের শ্বশুরবাড়ির অতিথি আপ্যায়নকে ঘিরে বাবা-ছেলের মধ্যে বিরোধ দেখা দেয়। সেই সময় আক্কাস আলী উপলব্ধি করেন, ছেলে ও ছেলের স্ত্রীর সংসারে তিনি বোঝা হয়ে গেছেন। একপর্যায়ে নাসুম ক্ষুব্ধ হয়ে বাবাকে বলেন, “তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে!” এই কথাতেই মাত্র এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আক্কাস আলী, আর আর কখনো ফেরেননি।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালবেলার সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার ছেলে আজ বিশ্বমঞ্চে খেলে। অথচ আমি কোথায় আছি, কী অবস্থায় আছি, তা জানারও চেষ্টা করে না সে। আমার দুঃসময় ইমন স্যার (ক্রিকেট কোচ) পাশে দাঁড়িয়েছেন, কিন্তু ছেলের কাছ থেকে কোনো সহায়তা পাইনি। নাসুমের কোটি টাকা থাকতে পারে, বিশ্বজয় করলেও আমি তার কাছে হার মানব না। সে যত বড়ই হোক, সম্পর্কের জায়গায় সে আমার ছেলে। আমার তার প্রতি কোনো অভিযোগ নেই। আল্লাহ তাকে আরও বড় করুক।”
চার বছর আগের ঘটনাটি স্মরণ করে আক্কাস আলী বলেন, “একদিন দুপুরে খাবার নিয়ে কথাবার্তার সময় নাসুম রেগে আমাকে বলে, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে।’ সেই দিন থেকেই আমি ঘর ছেড়েছি।” ছেলের উদ্দেশে তিনি আরও বলেন, “গত ৪ বছর ধরে আমি বাড়ির বাইরে আছি। কোনোদিন কি সে জানতে চেয়েছে, বাবা কোথায় আছেন, কোন বাসায় থাকেন— একবার এসে দেখে যাই? এই সময়টুকুও কি তার ছিল না?”
যে প্রতিষ্ঠানে তিনি সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন, সেখানকার ম্যানেজার সামাদ খান সামির বলেন, “যখন জানতে পারলাম উনি দেশের গৌরব ক্রিকেটার নাসুম আহমেদের বাবা, তখন বিশ্বাস করতে পারিনি। নাসুম হয়তো এখন এসব বুঝতে পারছে না, কিন্তু একদিন নিশ্চয়ই বুঝবে। তখন হয়তো বাবার জন্য টাকা খরচ করার সুযোগও আর থাকবে না।”



