আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্টকে ঘিরে ক্রিকেট মহলে চলছে নানা বিশ্লেষণ। অংশগ্রহণকারী দলগুলোর শক্তি–দুর্বলতা নিয়ে মত দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। তার মতে, বাংলাদেশ ভালো খেললেও এবারের আসরে সুপার ফোরে জায়গা পাওয়া কঠিন হবে লিটন দাসদের জন্য।
‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই গ্রুপ নিয়েই শঙ্কা প্রকাশ করেছেন আর্নল্ড। তার ভাষায়, “এটা খুবই কঠিন গ্রুপ, যাকে হালকাভাবে নেওয়া যাবে না। আফগানিস্তান প্রতিনিয়ত উন্নতি করছে। তাদের বোলিং সবসময়ই শক্তিশালী ছিল। এখন ব্যাটিংয়েও তারা সমান শক্তিশালী হয়ে উঠেছে। পাওয়ার হিটিংয়ের পাশাপাশি ইনিংস গড়ে নেওয়ার মতো ব্যাটারও আছে তাদের দলে।”
বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যও তার নজর এড়ায়নি। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়কে তিনি উল্লেখ করেছেন। আর্নল্ড বলেন, “বাংলাদেশ যেকোনো সময় বড় হুমকি হয়ে উঠতে পারে। সম্প্রতি তারা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছে। তাই এই গ্রুপে শ্রীলঙ্কার কাজ সহজ হবে না।”
তবুও সবদিক বিবেচনা করে বাংলাদেশকে সুপার ফোরে দেখছেন না আর্নল্ড। তার মতে, শ্রীলঙ্কা ও আফগানিস্তানই এগিয়ে থাকবে। “আমার মনে হয় শ্রীলঙ্কা আরও ভালো ক্রিকেট খেলবে। দলের সবাই নিজের দায়িত্ব ও লক্ষ্য সম্পর্কে সচেতন। তাই আমি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই সুপার ফোরে উঠতে দেখছি।”
একদিকে বাংলাদেশের শক্তি ও সম্ভাবনা স্বীকার, অন্যদিকে সুপার ফোরে জায়গা না দেওয়ার পূর্বাভাস—আসলে আর্নল্ড যেন টাইগারদের উদ্দেশ্য করেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এখন দেখার বিষয়, লিটন-তাসকিনরা মাঠে তার এই ভবিষ্যদ্বাণী উল্টে দিতে পারেন কি না।



