আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপাল ইতোমধ্যেই দল ঘোষণা করেছে, তবে বাংলাদেশ এখনো চূড়ান্ত দল প্রকাশ করেনি। যদিও আগেভাগেই অনুশীলন শুরু হয়েছিল, তারপরও খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছিল ক্যাম্প। সোমবার বসুন্ধরা কিংসের ফুটবলাররা অনুশীলনে যোগ দিয়েছেন। তবে সবচেয়ে বড় অনিশ্চয়তা ছিল মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে। অবশেষে নিশ্চিত হলো—নেপালের বিপক্ষে এই দুই প্রীতি ম্যাচে খেলছেন না তিনি।
গত জুনে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন হামজা, এরপর সিঙ্গাপুরের বিপক্ষেও খেলেছিলেন। কিন্তু নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার থাকা হচ্ছে না। অন্যদিকে, কানাডাপ্রবাসী শমিত সোমও আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি খেলবেন না। ফলে বাফুফের আশা পূরণ হয়নি।
সোমবার অনুশীলনের সময় কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে হামজা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে দায়িত্ব ঠেলে দেন ম্যানেজমেন্টের দিকে। তবে তার বক্তব্যেই ইঙ্গিত মেলে, নেপালের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ।
উল্লেখ্য, দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল আগামী ৩ সেপ্টেম্বর কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।



