যুক্তরাজ্যে জনপ্রিয় পানীয় অ্যাপলটাইজারের কিছু ব্যাচ জরুরি ভিত্তিতে বাজার থেকে প্রত্যাহার করেছে কোকা-কোলা। পরীক্ষায় দেখা গেছে, এসব পানীয়তে ক্লোরেট নামক রাসায়নিকের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। ক্লোরেট সাধারণত পানির জীবাণুনাশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় এবং অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষত শিশুদের ক্ষেত্রে।
প্রভাবিত পণ্যগুলো ছয় ক্যানের মাল্টিপ্যাকে বিক্রি হয়েছিল। বিপজ্জনক হিসেবে চিহ্নিত ব্যাচগুলোর উৎপাদন কোড ৩২৮ জিএফ থেকে ৩৩৮ জিএফ এবং ব্যবহারযোগ্যতার তারিখ ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর। প্রতিটি ক্যানের নিচে এই কোড ছাপা থাকে। খুচরা বিক্রেতা সাইনসবুরিজ গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, এসব ক্যান পান না করে দোকানে ফেরত দিলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।
কোকা-কোলা এক বিবৃতিতে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, অন্যান্য পণ্য এ সমস্যার আওতায় নেই। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও অ্যাপলটাইজারের কিছু মাল্টিপ্যাক, পাশাপাশি কোকা-কোলা ও স্প্রাইটের কয়েকটি ব্যাচ যুক্তরাজ্যে প্রত্যাহার করা হয়েছিল।
ভোক্তারা কোকা-কোলার কাস্টমার কেয়ার নম্বর ০৮০০ ২২৭৭১১-এ যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্যান পরীক্ষা করে পান করার পরামর্শ দিয়েছে।



