লন্ডনের রাস্তায় হঠাৎ মুখোমুখি হলেন বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান এবং ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। শনিবার (৯ আগস্ট) এই দুই তারকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। ছবিটি প্রথমে পোস্ট করেন লন্ডনপ্রবাসী আহবাব আহমেদ শিকদার, যার ফেসবুক আইডি ভেরিফায়েড। তিনি ছবির ক্যাপশনে লেখেন—‘লিজেন্ডারি ক্যাচ আপ, সাকিব আল হাসান এবং রোহিত শর্মা’।
এর আগে একই প্রোফাইলে সাকিবের আরেকটি ছবি শেয়ার করা হয়েছিল, যেখানে তাকে লন্ডনের গণপরিবহণে বসে থাকতে দেখা যায়। আহবাব শিকদার জানান, উভয় ছবিই তিনি লন্ডনে তুলেছেন।
উল্লেখযোগ্য যে, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব। বর্তমানে দেশে তার বিরুদ্ধে হত্যা মামলা ও আর্থিক কেলেঙ্কারিসহ একাধিক অভিযোগে তদন্ত চলছে। অপরদিকে রোহিত শর্মা ব্যস্ত ক্রিকেট মৌসুম শেষ করে ইংল্যান্ডে ছুটি উপভোগ করছেন এবং পাশাপাশি কিছু ক্রিকেট–সংশ্লিষ্ট কার্যক্রমেও অংশ নিচ্ছেন।



