ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আগেই। তাই ফাইনালের আগের ম্যাচটি ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা। তবে সেই আনুষ্ঠানিক ম্যাচেই দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসের বড় জ্বালানিই সংগ্রহ করল আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রোটিয়াদের মাত্র ১৪৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। প্রতিপক্ষের ইনিংস শেষ হয় মাত্র ৩৭.২ ওভারে। দুর্দান্ত বোলিং করেন সানজিদ মজুমদার—৮ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। এছাড়াও আল ফাহাদ ও সামিউন বশির নেন দুটি করে উইকেট।
লক্ষ্য ছোট হলেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার জাওয়াদ আবরার আউট হন মাত্র ৩ রানে। তবে অপর ওপেনার রিফাত বেগ ব্যাট হাতে দেখান দৃঢ়তা। ৪৭ বলে ৪৩ রানের কার্যকরী ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান তিনি। এরপর সামিউন বশির (৫২*) ও আব্দুল্লাহ (২০) মিলে দলকে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে দেন, হাতে ছিল ২০.৩ ওভার।
এই জয়ে ফাইনালের আগে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে বাংলাদেশের যুবারা।



