বাংলাদেশের ফ্রি ফায়ারপ্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে গেমটির আয়োজক প্রতিষ্ঠান গারেনা। তারা ঘোষণা করেছে, আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ গ্লোবাল ফাইনালস ২০২৫”, যার ভেন্যু নির্ধারিত হয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।
এবারের এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত ১৮টি শীর্ষ দল অংশ নেবে। গর্বের বিষয় হলো, বাংলাদেশ থেকেও দুটি জাতীয় দল গ্লোবাল ফাইনালে অংশগ্রহণ করবে, যা দেশের ইস্পোর্টস অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশি দল দুটি নির্বাচন করা হবে “ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ ২০২৫” নামে বিশেষ একটি জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে। এই টুর্নামেন্টের জাতীয় পর্ব চলবে আগষ্ট থেকে অক্টোবর পর্যন্ত। বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে দুটি দল বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে জাকার্তায় প্রতিনিধিত্ব করবে।
গারেনা বাংলাদেশের এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্রি ফায়ার সবসময়ই কমিউনিটি, প্রতিযোগিতা এবং খেলোয়াড়দের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এবারের আয়োজনও তার ব্যতিক্রম নয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশি গেমাররা নিজেদের দক্ষতা বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ পাবেন।
রেজিস্ট্রেশন ও বাছাই সংক্রান্ত বিস্তারিত তথ্য গারেনা বাংলাদেশ শিগগিরই প্রকাশ করবে বলে জানানো হয়েছে।



