বর্তমান সময়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ছোট পর্দায় তার উপস্থিতি নিয়মিত এবং দর্শকের কাছেও পরিচিত এক মুখ। গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে ব্যক্তিগত জীবনের পরিকল্পনায় রয়েছে অভিনয় থেকে সরে যাওয়ার ইঙ্গিত।
সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তানিয়া জানান, বিয়ের পর আর অভিনয় চালিয়ে যেতে চান না। তার মতে, সংসার ও ক্যারিয়ার একসঙ্গে চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা শেষ করে বিয়ের পর পুরোপুরি সংসারে মন দিতে চান তিনি। এ ছাড়া ভবিষ্যতে দেশের বাইরে স্থায়ী হওয়ার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী সাব্বির চৌধুরীকে বিয়ে করেছিলেন তানিয়া বৃষ্টি। তবে এক বছরের মাথায় সেই সংসার ভেঙে যায়। এরপর শোবিজ অঙ্গনে গুঞ্জন ওঠে, অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেম করছেন তিনি। একসঙ্গে নাটক করার পাশাপাশি তাদের ব্যক্তিগত সময় কাটাতেও দেখা যায়। তবে পরে এই গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন তানিয়া এবং একসঙ্গে কাজ করাও বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে আরেক অভিনেতা শামিম হাসান সরকারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে শামিমের বিয়ের পর তা থেমে যায়। এসব সম্পর্কের গুজব প্রসঙ্গে তানিয়া বলেন, “আমি যাদের সঙ্গে কাজ করি, তারা সবাই আমার খুব কাছের। হয়তো এ কারণেই এমন গুঞ্জন ছড়ায়।”
তানিয়া বৃষ্টি অভিনয়ে সবচেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে। তিনি বলেন, “মোশাররফ ভাইয়ের সঙ্গে শুটিংয়ের সময়টা খুব উপভোগ করি। ক্যামেরার বাইরেও তার কাছ থেকে অনেক কিছু শেখা যায়।” অন্যদিকে অভিনেতা নিলয় আলমগীর সম্পর্কে তিনি বলেন, “নিলয় হচ্ছে আমার ভাই-ব্রাদার টাইপ।”
তানিয়া আক্তার বৃষ্টি একজন মডেল ও অভিনেত্রী। তিনি ভিট চ্যানেল আই প্রতিযোগিতার দ্বিতীয় রানার আপ ছিলেন। ২০১৫ সালে ঘাসফুল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।



