ঈদুল আজহায় মুক্তির পরপরই আলোচনায় আসে তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক সম্পর্ক, আত্ম-অন্বেষণ এবং সময়ের আবেগঘন প্রেক্ষাপট তুলে ধরা এই সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে টানা সাত সপ্তাহ ধরে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
সিনেমা হলের সফল প্রদর্শন শেষে এবার ‘উৎসব’ আসছে ছোট পর্দায়—ওটিটি প্ল্যাটফর্মে। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে (অর্থাৎ ৭ আগস্ট) সিনেমাটি তাদের অ্যাপে দেখা যাবে। ফলে যেসব অঞ্চলে প্রেক্ষাগৃহ নেই, সেসব দর্শক এবং প্রবাসে থাকা বাংলা ভাষাভাষীরাও এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন এই চলচ্চিত্রটি।
এ প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, “ওটিটি এখন সিনেমার নতুন ডিস্ট্রিবিউশন মাধ্যম। প্রেক্ষাগৃহে যারা ‘উৎসব’ দেখতে পারেননি, তাদের জন্য এটা বড় সুযোগ। আমি আশা করি, পরিবার নিয়ে সবাই সিনেমাটি উপভোগ করবেন।”
‘পরিবার ছাড়া দেখা নিষেধ’—এই ব্যতিক্রমী স্লোগান নিয়ে নির্মিত ‘উৎসব’-এ অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। তাঁদের মধ্যে আছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি এবং সাদিয়া আয়মান।
সিনেমাটির গল্প রচনা করেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান ও সামিউল। চিত্রগ্রহণে ছিলেন রাশেদ জামান।
‘উৎসব’ যেন শুধু একটি সিনেমা নয়, বরং সময়ের একটি দলিল—যা পরিবার, সম্পর্ক ও আত্মিক উপলব্ধিকে ঘিরে নির্মিত হয়েছে।



