দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল ‘পুষ্পা: দ্য রাইজ’ চলচ্চিত্রে ভানওয়ার সিং শেখাওয়াত চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জয় করেছিলেন। অল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার উপস্থিতি সত্ত্বেও ফাহাদের অভিনয় আলাদাভাবে নজর কাড়ে। কিন্তু এই সাফল্যের শীর্ষে দাঁড়িয়ে হঠাৎ করেই তিনি জানালেন, আর গ্ল্যামারের ঝলমলে দুনিয়ায় থাকতে চান না। এবার তার লক্ষ্য একেবারে ভিন্ন—সাধারণ এক ক্যাবচালকের জীবন।
এই আকস্মিক সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন তার অগণিত অনুরাগী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অভিনয় ছাড়ার পর ভারতে থাকবেন না ফাহাদ। বরং স্পেনের বার্সেলোনায় গিয়ে ক্যাব চালিয়েই কাটিয়ে দেবেন বাকি জীবন।
ফাহাদ নিজেই জানিয়েছেন, “আসলে এটা শুধু গাড়ি চালানোর বিষয় নয়, বরং আমি কী ভালোবাসি সেটাই বেছে নিচ্ছি। একজন মানুষকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারা—এটাও একটা বড় আনন্দের জায়গা। এমন সরল ও মানবিক অভিজ্ঞতা আমি অনুভব করতে চাই। আমি আমার স্ত্রীকে পরিকল্পনার কথা বলেছি, এবং ও এতে খুব খুশি হয়েছে। আমি এভাবেই শান্তিতে থাকতে চাই।”
ফাহাদের এই সিদ্ধান্ত অনেকেই তুলনা করছেন ইরানি নির্মাতা জাফর পানাহির বিখ্যাত চলচ্চিত্র ‘ট্যাক্সি’-এর সঙ্গে। সেই ছবিতে যেমন ক্যামেরার মাধ্যমে যাত্রীদের যাপন, অভিজ্ঞতা ও কথোপকথন তুলে ধরা হয়েছিল, ঠিক তেমনি ফাহাদও হয়তো বাস্তব জীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ করতেই এই অনন্য পথ বেছে নিচ্ছেন বলে মনে করছেন তার ভক্তরা।



