বিশ্বজয়ী সংগীতশিল্পী অরিজিৎ সিং এবার হাজির হচ্ছেন এক নতুন পরিচয়ে—চলচ্চিত্র পরিচালক হিসেবে। দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তব রূপ পেতে যাচ্ছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০২৫ সালের শেষের দিকে প্রথম চলচ্চিত্র পরিচালনায় হাত দেবেন তিনি।
সূত্র অনুযায়ী, অরিজিতের প্রথম ছবি হবে একটি বড় বাজেটের জঙ্গল অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা। ছবিটি প্রযোজনা করছেন মহাবীর জৈন, যিনি বর্তমানে কার্তিক আরিয়ান অভিনীত নাগজিল্লা এবং শ্রী শ্রী রবিশঙ্করের জীবনী অবলম্বনে একটি বায়োপিক নির্মাণ করছেন।
অনেক দিন ধরেই পরিচালক হওয়ার স্বপ্ন লালন করে আসছিলেন অরিজিৎ সিং। সেই লক্ষ্যে গোপনে একটি চিত্রনাট্য লেখেন তিনি, যা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জানা গেছে, আগামী এক মাসের মধ্যেই ছবিটির কাস্টিং শুরু হবে। এতে জাতীয় পর্যায়ে পরিচিত তারকারা যুক্ত হবেন বলে আশা করা হচ্ছে।
‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ ঘরানার এই প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্রটি নির্মাণ করা হবে দেশজুড়ে বিভিন্ন ভাষাভাষী দর্শকদের কথা মাথায় রেখে। তবে সিনেমাটিতে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।



