দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান। অবশেষে তিনি হাজির হয়েছেন নতুন এক চমক নিয়ে। ৪ জুলাই শুরু হয়েছে তার উপস্থাপনায় একটি নতুন শো—‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’, যা সম্প্রচারিত হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব প্ল্যাটফর্মে।
অনুষ্ঠানটির প্রথম পর্বে অতিথি হিসেবে অংশ নেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অনুষ্ঠানের এক পর্যায়ে জায়েদ খান তিশাকে প্রশ্ন করেন, “পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?” জবাবে তিশা অকপটে বলেন, “আই উইল বি অ্যা মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো। মা হবো।”
তিশা আরও বলেন, “দেখুন, এভাবে হয়তো কেউ প্রকাশ্যে বলবে না, যেভাবে আমি বলেছি। কিন্তু সত্য হলো—মানুষের প্রফেশনাল জীবনের পাশাপাশি পারসোনাল লাইফও সমান গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলা কিংবা লুকিয়ে রাখার কিছু নেই।”
তিশার এই খোলামেলা উত্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সাড়া ফেলেছে। অনেকেই তার স্পষ্টতা ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন।



