ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে। সম্প্রতি মার্কিন হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তার পোস্টে খামেনি বলেন, “জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে, এবং তারা সেই শাস্তি পাচ্ছে—এখনও পাচ্ছে।”
গত ১৩ জুন ইসরায়েলি বাহিনী ইরানের একটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দেওয়া শুরু করে ইরান। হামলার পর থেকে দেশের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তেহরান সরকার।
ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য হামলার আশঙ্কায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনিকে তার বাসভবন থেকে সরিয়ে একটি বাংকারে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি গোপন স্থানে অবস্থান করছেন এবং বাইরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ রেখেছেন।



